আজ শুরু বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৬, ২:৫১:৫৩ অপরাহ্ন
সিলেটের সবুজ উইকেটে ‘রঙিন’ পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার : কয়েকদিনের বৃষ্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড রূপ নিয়েছে সবুজ গালিচায়। উইকেটে তো আর এত ঘন ঘাস থাকে না। তবে যতটুকু আছে, তাতে দূর থেকে মনে হচ্ছে যেন ওই ২২ গজেও বিছানো আছে সবুজ মখমল। এমন মায়াভরা সবুজের মাঝেই ‘রঙিন’ বলের পরীক্ষায় বাংলাদেশ।
আজ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ২০২৪ সালে পাকিস্তানে গিয়ে ২-০ ব্যবধানে জিতে আসা নাজমুল হোসেন শান্তর দলের সামনে হাতছানি দেশের মাঠে সেই সাফল্যের পুনরাবৃত্তির।
খুব বিস্ময়ের অবশ্য নয় তা। গত মার্চে স্পোর্টিং উইকেটে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারানোর পর আত্মবিশ্বাসের ডানায় ভেসে মিরপুর টেস্টেও একই ধরনের উইকেটে দারুণ জয়ে এখন উড়ছে বাংলাদেশ দল। সিলেট টেস্টেও কেন নয়!
যদিও সিলেটের এই মাঠে খুব বেশি টেস্ট খেলা হয়নি বাংলাদেশের। গত সাত বছরে মাত্র পাঁচটি টেস্ট খেলেছে তারা এখানে। যার মধ্যে আবার হার তিনটিতে, দুটি কেবল জিম্বাবুয়ের বিপক্ষেই। তবে সর্বশেষ গেল নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টটি ইনিংস ব্যবধানে জিতেছিলেন শান্তরা। ৫৮৭ রান তুলেছিলেন মাহমুদুল হাসান জয়রা প্রথম ইনিংসেই। শ্রীলঙ্কাও এই মাঠে চার শতাধিক রানের ইনিংস খেলেছে, যা ইঙ্গিত দেয় স্পোর্টিং উইকেটে খেলতে পারলে রান আছে।
দলের এক্সপ্রেস বোলার নাহিদ রানার এই মাঠে তিনটি টেস্ট খেলার অভিজ্ঞতা হয়েছে। ১১ উইকেট শিকার করেছেন তিনি সিলেটের এই বাইশ গজ থেকেই। যদিও নাহিদ রানা বা তাসকিন নয়, রেকর্ড বলছে সিলেটের এই পিচ বরাবরই আপন করে নিয়েছে দুই স্পিনার তাইজুল আর মিরাজকে। এখানে পাঁচ টেস্ট খেলে ৩১ উইকেটের মালিক তাইজুল, মিরাজের শিকার সেখানে ২২। সব মিলিয়ে দলের বোলিং ইউনিটের যথেষ্ট আত্মবিশ্বাসী হওয়ার কারণ আছে এই টেস্টে। পাকিস্তান দলও জয়ের জন্য মরিয়া হয়ে নামবে এই টেস্টে।
এদিকে, চোখ জোড়ানো প্রকৃতির মাঝে সিলেটের আবহাওয়াকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
দ্বিতীয় টেস্টকে ম্যাচকে সামনে রেখে শুক্রবার সিলেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন তিনি। তাতে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ দলের তারকা কিক্রেটার মুশফিকুর রহিম। তবে চ্যালেঞ্জের কথাও বললেন, সেটি দলের নয়, প্রকৃতিগত।
তিনি বলেছেন, আমাদের বোলিং বিভাগের ২০ উইকেট নেওয়ার সক্ষমতা আগের চেয়ে এখন অনেক বেশি। অধিনায়কের জন্য এটা একটা স্বস্তির ব্যাপার। উন্নতিটা অনেক ভালো, ধারাবাহিকতা ধরে রাখতে চাই।
আর চ্যালেঞ্জ নিয়ে বলতে গিয়ে মুশফিক বলেছেন, উইকেটের চেয়ে আবহাওয়া বড় চ্যালেঞ্জ। সিলেটে ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট। উইকেট বা ফ্যাসিলিটি সবই ভালো। আবহাওয়া ছাড়া এখন পর্যন্ত সব ঠিক আছে। সিলেটের ড্রেনেজ ব্যবস্থাও বিশ্বমানের। আমার মনে হয় আবহাওয়া একটু ভালো থাকলে এই টেস্টেও রেজাল্ট আনা সম্ভব।
তিনি বলেন, বাবর আজম থাকার পরও পাকিস্তানের বিপক্ষে আমরা তাদের মাটিতে সিরিজ জয় করেছি।
এর মধ্যে গত বছর ওয়ানডে দলও পরপর চারটা সিরিজ হেরেছিল। ভালো করতে পারছিল না মিডল অর্ডার। মুশফিকুর রহিমকে তাই ওয়ানডেতে আবারও ফেরার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে অবশ্য সাড়া দেননি।
কেন? সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে উত্তর দিলেন মুশফিক, ‘ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার কাছে (প্রস্তাব) এসেছিল। কিন্তু আমি মনে করি, বাংলাদেশ দল ইনশাআল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ভবিষ্যতেও যাবে, আমি মনে করি যে আমার ওরকম সার্ভিস দরকার হবে না।’
এদিকে, দ্বিতীয় টেস্টের আগে বড় এক পরিবর্তন আনতে হলো বাংলাদেশ দলকে। ফিল্ডিংয়ের সময় বুকে চোট পেয়ে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার পরিবর্তে স্কোয়াডে এসেছেন সিলেটের ছেলে জাকির হাসান।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি সাদমানের ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না হলেও ঘরোয়া ক্রিকেটে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন ২৮ বছর বয়সী জাকির। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঢাকা লেপার্ডসের হয়ে চার ইনিংসে তিনি একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন।




