মেয়াদ শেষেও বীমার টাকা বঞ্চিত ফারইস্টের ৩ হাজার গ্রাহক
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৬, ১২:১৪:৩৮ অপরাহ্ন
সিলেটে পাওনা ১০০ কোটি টাকা

এমজেএইচ জামিল : ‘বীমা করলে বোনাস ও মেয়াদ শেষে দেওয়া হবে দ্বিগুণ লাভ’- এমন আশ্বাসে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে বিত্তবানদের জীবন বীমা করিয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ৪ থেকে ৫ বছর কেটে গেলেও আমানত ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। এমন কাণ্ডে হতাশ ঐ বীমা কোম্পানির ৩ হাজার গ্রাহক। প্রতিদিন ঘুরছেন ফারইস্টের দ্বারে দ্বারে। মিলছেনা কোন উত্তর। এমনকি কেউ আশার বাণীও শুনাতে পারছেনা। ফলে হতাশায় ভূগছেন তারা। এ থেকে মুক্তি পেতে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা।
সরেজমিনে সিলেট নগরীর পাঠানটুলাস্থ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিভাগীয় অফিসে গিয়ে দেখা গেছে ভুক্তভোগীদের জটলা। মাসে মাসে অফিসে আসলেও কোন আশা না পাওয়ায় ভেঙ্গে পড়ছেন অনেকেই। গুরুতর অসুস্থ স্বজনদের চিকিৎসার জন্য অনুনয় বিনয় করলেও মিলছেনা ফল।
সেখানে কথা হয় সিলেট নগরীর আরামবাগের বাসিন্দা লাকী বেগমের সাথে। তিনি জানান, তার স্বামী অসুস্থ ২০২২ সালে মেয়াদ পূর্ণ হলেও তিনি এখন পর্যন্ত তার প্রিমিয়ামের ১ লাখ ৪৬ হাজার টাকা পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে স্বামীকে বিনা চিকিৎসায় মরতে বসতে হচ্ছে।
সিলেট সদর উপজেলার বাসিন্দা রুখসানা বেগম জানান, ২০২৩ সালে মেয়াদ পূর্ণ হলেও এখন পর্যন্ত তার প্রিমিয়ামের ৭২ হাজার টাকা তিনি তুলতে পারছে না।
ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের সিলেট বিভাগীয় অফিসে শুধু গ্রাহক নয়, একাধিক এজেন্টের সাথেও কথা হয়। তারা অভিযোগ করে বলেন, আমরা উদ্ধুদ্ধ করে সাধারণ মানুষকে বীমা করিয়েছি। মেয়াদ পূর্ণ হলে প্রিমিয়ামের টাকা পাওয়া তাদের অধিকার। কিন্তু কোম্পানী টাকা দিতে পারছেনা। আমরা বিপাকে পড়েছি। কারণ আমাদেরকে এলাকায় থাকতে হচ্ছে। প্রতিদিনই বিচারের সম্মুখীন হতে হচ্ছে।
সিলেট বিভাগীয় জোনাল অফিস সূত্রে জানা গেছে, ২০২৩ সালের পর থেকে বিভাগ জুড়ে প্রিমিয়ামের টাকা দেয়া বন্ধ রয়েছে। এর মধ্যে খুব কম সংখ্যক ছোট পরিমাণের পলিসির টাকা দেয়া হয়েছে। বাকী প্রিমিয়ামের টাকা দেয়া পুরোপুরি বন্ধ রয়েছে। সিলেট ডিভিশনাল অফিসে ৩ হাজারের বেশী গ্রাহকের প্রিমিয়ামের মেয়াদ ইতোমধ্যে পূর্ণ হয়েছে। এসব প্রিমিয়ামের মধ্যে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ কোটি ৮৫ লক্ষ টাকার পলিসি রয়েছে। এই ৩ হাজার গ্রাহকের টাকার পরিমাণ ১০০ কোটি টাকার বেশী।
খোঁজ নিয়ে জানা গেছে, পতিত আওয়ামী সরকারের আমলে ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অনিয়মের ফলে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে গভীর তারল্য সংকটে পড়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ হয়নি, তবে আইডিআরএ’র পরিসংখ্যান কোম্পানিটির আর্থিক দুর্বলতার চিত্র স্পষ্ট করছে।
এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফারইস্ট ইসলামী লাইফের দায়িত্ব নেন বিএনপি নেতা ফখরুল ইসলাম। পরে তিনি নোয়াখালী-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কোম্পানির ২৫তম বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তবে দায়িত্ব নেওয়ার প্রায় ১৮ মাস পার হলেও কোম্পানিটির আর্থিক অবস্থার দৃশ্যমান উন্নতি হয়নি বলে অভিযোগ রয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, অতীতের অনিয়ম, দুর্বল তদারকি এবং আর্থিক অব্যবস্থাপনার প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি প্রতিষ্ঠানটি।
ফারইস্ট ইসলামী লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহিম ভূইয়া বলেন, ব্যবসা কমে যাওয়ার কারণে ম্যাচিউরিটি বা পরিপক্ক দাবির চাপ বেড়েছে। লাইফ ইন্স্যুরেন্সের মূল থিম হলো ব্যবসা। ব্যবসা কমে গেলে ব্যয় বেড়ে যায়। কোম্পানির খরচ কমানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নতুন ব্যবসা বাড়ানোর চেষ্টা করছেন। তবে এসব পদক্ষেপের বাস্তব প্রভাব এখনো গ্রাহকদের কাছে দৃশ্যমান হয়নি।
সিলেট ডিভিশনাল কার্যালয়ের কর্মকর্তা আব্দুল কুদ্দুছ জানান, আওয়ামী সরকারের আমলে সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের টাকা লুটপাট হয়। ফলে কোম্পানীটির মুলধনই খোঁজে পাওয়া যায়নি। আমরা কেন্দ্রীয় অফিসকে বিষয়টি জানিয়েছি। প্রতিদিন গড়ে ৭০-৮০ জন গ্রাহক মেয়াদ পূর্ণ হওয়ায় প্রিমিয়ামের টাকার জন্য অফিসে আসেন। আমাদেরকে বকাঝকা করেন। কোন উত্তর দিতে পারিনা। শুনেছি কেন্দ্রীয়ভাবে ফারইস্টের নিজস্ব সকল সম্পত্তি বিক্রির মাধ্যমে গ্রাহকের টাকা পরিশোধের একটা উদ্যোগ নেয়া হয়েছে। উদ্যোগটা কবে বাস্তবায়ন হবে তিনি তা সুনির্দিষ্ট করে বলতে পারেন নি।
সদর উপজেলার মাসুক বাজার এলাকায় রাহেলা বেগম জানান, তার স্বামী কৃষি কাজ করে অনেক কষ্টে সংসার পরিচালনা করেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে। তার মেয়ের বিয়ের জন্য তিনি ১০ বছর মেয়াদে একটি বীমা করেন। কিন্তু মেয়ের বিয়ের সময় মেয়াদ উত্তীর্ণ বীমার টাকা আনতে গিয়ে টাকা পাননি। পরে বাধ্য হয়ে আত্মীয়স্বজন ও স্থানীয়দের কাছ থেকে টাকা ধার নিয়ে মেয়ে বিয়ে দিয়েছেন।
একই উপজেলার শিবেরবাজার এলাকার আব্দুর রশিদ জানান, দুটি বীমা করেছেন, মেয়াদ শেষে হলেও এখন টাকা ফেরত পাননি তিনি। তার মাধ্যমে দুই আত্মীয়কে বীমা করিয়েছিলেন। সেটিরও মেয়াদ পূর্ণ হয়েছে কিন্তু সেই টাকা না পাওয়ায় তাদের সাথে আমরা প্রতিনিয়ত ঝামেলা পোহাতে হচ্ছে।
ফারইস্টের ভিডিশনাল কার্যালয়ে আসা সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল মান্নান জানান, তিনি তার ভাবী ও ভাগনীর প্রিমিয়ামের টাকার জন্য অফিসে এসেছেন। তাঁর বড় ভাই অসুস্থ হয়ে মারা গেছেন কিন্তু শত চেষ্টা করেও টাকা তুলতে পারেন নি। ভাগনীর স্বামী গুরুতর অসুস্থ টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। অথচ ৩ বছর আগে তাদের মেয়াদ পূর্ণ হয়েছে। এ বিষয়ে বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী সিলেটের কৃতি সন্তান খন্দকার আব্দুল মুক্তাদিরের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে কথা বলতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিলেট ডিভিশনার ইনচার্জ এখলাছুর রহমানের মোবাইল নাম্বারে একাধিকবার কলে দিলেও কল রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।




