রাজনগরে একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধীকে মানবিক সহায়তা
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৬, ৯:৫৫:১৩ অপরাহ্ন

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার মৌলভীবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদুজ্জামান পাভেল উপজেলার কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
সম্প্রতি ভয়াবহ বন্যায় দীর্ঘদিন পানিবন্দি থাকা এ দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারটির দুর্দশার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। পরে দ্রুত উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে মেডিকেল ক্যাম্প আয়োজন এবং তাদের বাড়িতে যাতায়াতের কাঁচা রাস্তা দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা, কামারচাক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ, কামারচাক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
একই দিন জেলা প্রশাসক পার্শ্ববর্তী এলাকার দরিদ্র রুবেল মিয়া ও সেলিনা বেগম দম্পতির বাড়িতেও যান। সম্প্রতি তাদের ঘরে একসঙ্গে তিনটি নবজাতকের জন্ম হওয়ায় আর্থিক সংকটে থাকা পরিবারটির হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী এবং নবজাতকদের জন্য প্রয়োজনীয় দুগ্ধসামগ্রী তুলে দেন।
সহায়তা পেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী পরিবার ও নবজাতকদের স্বজনরা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, কঠিন সময়ে এই সহযোগিতা তাদের নতুন করে বেঁচে থাকার সাহস ও প্রেরণা জুগিয়েছে।




