আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কাল : সফলে ব্যাপক প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৬, ৬:০১:২৭ অপরাহ্ন
প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ডা: শফিক

স্টাফ রিপোর্টার : গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামীকাল শনিবার (২৫ জুলাই) বেলা ২টায় সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ। এর মাধ্যমে একই দাবিতে দেশব্যাপী ধারাবাহিক বিভাগীয় সমাবেশ কর্মসুচীর ইতি টানছে ১১ দল। সিলেটের সমাবেশ থেকে নতুন কর্মসুচীর ঘোষণা হবে বলে ১১ দলের নেতারা জানিয়েছেন।
এদিকে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশকে সফলের লক্ষ্যে বিভাগজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে চলছে প্রচার-প্রচারণা। আজ শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় আলিয়া মাঠে সমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে ১১ দল। এতে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ১১ দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
জানা গেছে, বিভাগীয় সমাবেশকে সফলের লক্ষ্যে সিলেট নগরীর থানায় থানায় এবং বিভাগের ৪টি জেলার থানায় থানায় চলছে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমাবেশে লাখো জনতার ঢল নামবে বলে প্রত্যাশা ১১ দল নেতৃবৃন্দের।
প্রসঙ্গত- আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আমজাদুল ইসলাম চান। এছাড়া সমাবেশে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এ ব্যাপারে ১১ দলীয় ঐক্যে’র সিলেট মহানগর সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। তবে আমাদের বিশ^াস সমাবেশে লাখো জনতার সমাগম হবে।





