হবিগঞ্জে বিপুল গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৬, ৯:০৯:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শায়েস্তাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়।
র্যাব-৯ সূত্র জানায়, সিলেট থেকে যাত্রীবাহী একটি বাসে করে মাদকের চালান হবিগঞ্জে আনা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় দুই ব্যক্তি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে দুটি পলিথিনে মোড়ানো মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার খৈয়াউ গ্রামের মো. গিয়াস উদ্দিনের পুত্র মো. রায়হান উদ্দিন (২৫) ও খুলনা জেলার ফুলতলা থানার শিরোমনি দক্ষিণপাড়া গ্রামের দুলাল খানের পুত্র রায়হান উদ্দিন খান মিঠু (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটককৃতদের জব্দকৃত আলামতসহ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।







