রায়নগরে ট্রিপল মার্ডার : বাবুলের জবানবন্দীতে নতুন মোড়
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৬, ৯:৩৭:২৮ অপরাহ্ন
চুরি করতে দেখে ফেলায় ৩ খুন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর রায়নগরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় নতুন তথ্য সামনে এসেছে। প্রেম বা শারীরিক সম্পর্কের বিরোধ নয়, চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় তিনজনকে হত্যা করেছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার আসামি বাবুল মিয়া। চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে প্রায় দুই ঘণ্টা ধরে তার ১৬৪ ধারার জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিলেটের কোর্ট ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান জানান, আসামি আদালতে দোষ স্বীকার করেছেন। তবে জবানবন্দির বিস্তারিত তথ্য তিনি জানাননি।
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, বাসা ভাড়ার টাকা জোগাড়ের চাপে পড়ে পূর্বপরিচিত রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা ‘নিকুঞ্জ ভিলা’য় চুরির পরিকল্পনা করে বাবুল। সিঁড়িতে সিসি ক্যামেরা থাকার বিষয়টি জানা থাকায় ১২ আগস্ট সকালে বারান্দা দিয়ে বাসায় প্রবেশ করেন। একটি কক্ষে ঢোকার পর গৃহপরিচারিকা তাহমিনা বেগম তাকে দেখে ফেললে পালানোর চেষ্টা করে। এসময় বাবুল তাকে পেছন থেকে ধরে ছুরিকাঘাত করে। তাহমিনার চিৎকার শুনে গৃহকর্ত্রী সুরাইয়া বেগম এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে গৃহকর্তা ও প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে হত্যা করে বাবুল। আটক বাবুল রিমান্ডে জবানবন্দিতে এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশের ঐ সূত্র।
তিনজনকে হত্যার পর শরীরে লেগে থাকা রক্ত পরিষ্কার করতে বাথরুমে যান বাবুল। পরে একটি কক্ষে টাকা খুঁজে ১৫ হাজার টাকা পান। আরও কিছু নেওয়ার পরিকল্পনা থাকলেও মোবাইল ফোন বেজে ওঠা এবং মূল দরজার পাশে লোকজনের কথা শুনে দ্রুত বারান্দা দিয়ে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রের দাবি।
এর আগে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছিল, গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ হয়ে বাবুল তিনজনকে হত্যা করেন। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি ভিন্ন তথ্য দেন। বৃহস্পতিবার আদালতে দেওয়া জবানবন্দিতেও চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশের কথা উঠে এসেছে।
এ ব্যাপারে এসএমপির কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বাবুলকে আদালতে হাজির করা হয়। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করলে ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করেন।
প্রসঙ্গত- গত ১২ আগস্ট সকালে ‘নিকুঞ্জ ভিলা’য় নিহত হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা বেগম (২৫)। হত্যার পরদিন বাবুলের দেখানো স্থান থেকে হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার করে পুলিশ। ঘটনার দিনে বিকেলে রায়নগর রাজবাড়ি এলাকার একটি কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ১৪ আগস্ট রাতে নিহত দম্পতির প্রবাসী মেয়ে সেলিনা সুলতানা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার এজাহারে বাবুলের নাম ছিল না। পরে ১৬ আগস্ট তাকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে বৃহস্পতিবার বাবুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নিহত আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ছিলেন। একসময় তিনি কয়লা ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।





