নগরীতে বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৬, ৮:৩৫:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে এবার নিজ বাসার সামনে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত মধ্যরাতে নগরীর শাহপরান (র.) থানাধিন ইসলামাবাদ এলাকায় এঘটনা ঘটে। ঘাড়ে তিনটি কোপসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে তিনি নগরীর শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। তার এক ছেলে ফ্রান্সে থাকেন।
নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, রাতে এলাকার এক ব্যক্তি এসে জানান, তার বাবাকে কয়েকজন আটকে রেখেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, তার বাবাকে কুপিয়ে রাস্তার ওপর ফেলে রাখা হয়েছে। তার ঘাড়ে তিনটি কোপের চিহ্ন ছিল এবং পুরো শরীর রক্তে ভিজে ছিল। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শাহাব উদ্দিনের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তার স্ত্রীও দাবি করেন, কারও সঙ্গে তার স্বামীর শত্রুতা বা বিরোধের কথা তারা জানতেন না।
ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে। সোমবার সকালে পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
এর আগে গত ১২ আগস্ট সকালে সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকায় নিজ বাসার ভেতরে স্বপরিবারে খুন হন এক ব্যবসায়ী। ওইদিন সকাল ৯টার দিকে ১১১ নম্বর বাসা ‘নিকুঞ্জ ভিলা’য় হত্যাকাণ্ডের শিকার হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫)।
একই নগরীতে মাত্র কয়েক দিনের ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় নগরবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শাহপরান এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।





