প্রবাসীকল্যাণ মন্ত্রীর সিলেট সফরসুচীতে পরিবর্তন
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৬, ৯:৩২:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি ২ দিনের সফরে সিলেট আসছেন মঙ্গলবার (২৫ আগস্ট)। তিনি এসময় সিলেট ও সুনামগঞ্জ সফর করবেন। তিনি কাতারে নিহত প্রবাসী কর্মীদের পরিবারের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর এবং নিরাপদ অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সোহেল আহমদ।
এর আগে মন্ত্রীর একান্ত সচিব জিন কুমার সিংহের পাঠানো সফরসূচি থেকে জানা গেছে, মন্ত্রী সড়কপথে সোমবার রাতে সিলেটে পৌঁছার কথা ছিল।
তবে সফরসুচীতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়ে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সোহেল আহমদ জানান, মন্ত্রী মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ২টায় সিলেট ওসমানী বিমানবন্দরে নামবেন। এরপর সিলেট সার্কিট হাউসে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার পাঁচজন প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করবেন তিনি।
এরপর মন্ত্রী সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থান’ বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন। সভাটি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সফরসূচি অনুযায়ী, একই দিন বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। এ কর্মসূচির স্থান সুনামগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে নির্ধারণ করা হবে। সফর শেষে বুধবার (২৬ আগস্ট) বিমানযোগে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে আরিফুল হক চৌধুরীর।
সফরসূচিতে আরও বলা হয়েছে, মন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, সিলেট ও সুনামগঞ্জের প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় সমন্বয় ও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সফরসঙ্গী হিসেবে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।





