প্যানেল দ্বন্দ্বে থমকে আছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৬, ৮:৩০:২১ অপরাহ্ন
* ভোগান্তিতে হাজার হাজার মানুষ
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নম্বর পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ বর্তমানে চেয়ারম্যানশূন্য অবস্থায় রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে পরিষদের গুরুত্বপূর্ণ কার্যক্রম। জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদসহ জরুরি বিভিন্ন সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের ১৭ হাজারেরও বেশি বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিনের আকস্মিক মৃত্যু হয়। এরপর থেকেই কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে ইউনিয়ন পরিষদটি। নিয়ম অনুযায়ী প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও ইউপি সদস্যদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও জটিলতার কারণে এখনো নতুন কাউকে দায়িত্ব দেওয়া সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালের নির্বাচনে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে গোলাম কিবরিয়া হেলাল চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে পরিষদের সদস্যদের সর্বসম্মতিক্রমে আলিম উদ্দিনকে প্রথম প্যানেল চেয়ারম্যান, ফারুক আহমদ বাবুলকে দ্বিতীয় এবং প্রবাসী রাণীকে তৃতীয় প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়।
২০২৪ সালের ৫ আগস্টের পর মূল চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল অনুপস্থিত থাকায় প্রথম প্যানেল চেয়ারম্যান হিসেবে আলিম উদ্দিন দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে চেয়ারম্যান হেলালকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলে মৃত্যুর আগ পর্যন্ত আলিম উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
১৭ হাজার ৬১৮ জন ভোটারের এ ইউনিয়নে বর্তমানে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম বলেন, চেয়ারম্যান না থাকায় জরুরি কাগজপত্র ও বিভিন্ন সনদ নিতে পারছেন না তারা। প্রতিদিন ইউনিয়ন পরিষদে এসে সাধারণ মানুষকে ফিরে যেতে হচ্ছে। দ্রুত এ সংকটের সমাধান চান তারা।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুজিবুর রহমান জানান, চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বাক্ষর ও অনুমোদন ছাড়া অনেক গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ এবং সরকারি অনুদান বিতরণ আটকে আছে। দ্রুত সমাধান না হলে নাগরিক ভোগান্তি আরও বাড়বে।
এদিকে, দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান ফারুক আহমদ বাবুল দায়িত্ব পাওয়ার দাবি জানিয়ে বলেন, প্রথম প্যানেল চেয়ারম্যান আলিম উদ্দিন এতদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুর পর নিয়ম অনুযায়ী দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান হিসেবে তাঁর কাছেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তরের কথা। কিন্তু অজ্ঞাত কারণে এখনো তাঁকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। জনগণের ভোগান্তি দূর করতে দ্রুত দায়িত্ব হস্তান্তরের দাবি জানান তিনি।
অন্যদিকে বর্তমান প্যানেল বাতিলের দাবি জানিয়েছেন ইউপি সদস্য মাসুক আহমদ। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ও তৎকালীন চেয়ারম্যানের মাধ্যমে গঠিত এই প্যানেল তারা প্রত্যাখ্যান করছেন। অবিলম্বে বর্তমান প্যানেল বাতিল করে নতুন প্যানেল গঠন এবং যোগ্য ব্যক্তির কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে জনগণের ভোগান্তি দূর করতে হবে।
মাসুক আহমদ আরও জানান, বর্তমান প্যানেল বাতিলের দাবিতে তাঁরসহ পরিষদের সাতজন সদস্যের স্বাক্ষরিত একটি স্মারকলিপি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মৃত্যুর পর তৈরি হওয়া পরিস্থিতি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে। স্থানীয় সরকার আইন ও সরকারি বিধিমালা অনুযায়ী দ্রুত দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। জনগণের ভোগান্তি যাতে না হয় এবং নাগরিক সেবা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মৃত্যু এবং প্যানেল পুনর্গঠন নিয়ে ইউপি সদস্যদের বিরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনগণের স্বার্থে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনানুগ ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।





