ওসমানীনগরে দুপ্রকের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৫:১১ অপরাহ্ন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. সুবেল আহমেদ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। আর এ কাজ শুরু করতে হবে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। দুদক দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। যারা দুর্নীতি প্রতিরোধে কাজ করবেন, তাদের পাশে দুদক সবসময় থাকবে।
বুধবার ওসমানীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সাংবাদিক বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সমাজকর্মী আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, জকিগঞ্জ কমিটির সভাপতি সৈয়দ আছলাম হোসেন, দয়ামীর সদরুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ সাইফ উদ্দিন, সমাজসেবক আব্দুর রব, ডা. আলা উদ্দিন, সাব্বির আহমদ, ক্রীড়া সংগঠক মো. আব্দুল কাদির লাকসন, শিক্ষক লুৎফুর রহমান, আসাদুল ইসলাম সজিব, নারী নেত্রী রুমানা বেগম, স্কুলশিক্ষিকা ফারজানা বেগম, মারজানা বেগম, লিমা বেগম এবং ছাত্রী মিতু রানী দেবনাথ।
বিতর্ক প্রতিযোগিতায় ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে দয়ামীর সদরুননেছা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সদরুননেছা উচ্চ বিদ্যালয়ের তায়িবা জান্নাত।
চ্যাম্পিয়ন দলের হয়ে সাদিকা ইসলাম, মিনহাজ আহমদ বুরহান ও তায়িবা জান্নাত এবং ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হয়ে হাম্মাদ উম্মাহ আমজাদ বিতর্কে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ, ক্রেস্ট, বুকব্যাজ, ব্যাগ ও জ্যামিতি বক্স বিতরণ করেন। বিজ্ঞপ্তি







