রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৩:২০ অপরাহ্ন

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান আলী বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত এবং ন্যায়-ইনসাফের আদর্শ প্রতিষ্ঠাকারী। তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে শ্রমজীবীসহ সব মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচারের শিক্ষা রয়েছে। তাই শ্রমিকদের অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠায় নবীজী (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। শ্রমিক-মালিক সম্পর্ক হতে হবে ন্যায়, মানবিকতা ও পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে।
তিনি আরও বলেন, বৈষম্য, শোষণ ও অধিকারবঞ্চনা দূর করে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সীরাতের শিক্ষা ধারণ করে শ্রমজীবী মানুষকে নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন ট্রেড ইউনিয়ন থানা-১ আয়োজিত সীরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ট্রেড ইউনিয়ন থানা-১ সভাপতি মোঃ দিলশাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সীরাত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলী, শাহপরান থানা ঠেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শাহপরান থানা লোড অনলোড শ্রমিক ইউনিয়নের সভপতি রফিক আহমদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। এছাড়া মাহফিলে ফেডারেশনের সিলেট মহানগর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ অংশ নেন। বিজ্ঞপ্তি





