ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৯:৪০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে রেকর্ড ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ১০টি ছোট নৌকায় করে তারা ব্রিটেনে পৌঁছান বলে জানিয়েছে দেশটির পুলিশ ও কোস্টগার্ড।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে একদিনে এটিই সবচেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশীর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ঘটনা। তবে ২০২৫ সালের তুলনায় চলতি বছর এ পথে অভিবাসনপ্রত্যাশীদের আগমন উল্লেখযোগ্যভাবে কমেছে। জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৮ হাজার ৫৫৬ জন এ পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ৩২ হাজার ১৮৮ জন। অর্থাৎ আগমন কমেছে প্রায় ৪২ শতাংশ।
এর আগে গত ২১ ও ২২ সেপ্টেম্বর তিনটি ছোট নৌকায় প্রায় ১৫০ জন ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পৌঁছান। তার আগের টানা পাঁচ দিন কোনো নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দেয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, গত বছরের ২০ ডিসেম্বর ৮০৩ জনের আগমনের পর বুধবারের ৭৮১ জনই এক দিনে সর্বোচ্চ আগমনের ঘটনা।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এক দিনে সর্বোচ্চ অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ২০২২ সালের ৩ সেপ্টেম্বর। সেদিন ১ হাজার ৩০৫ জন যুক্তরাজ্যে পৌঁছান। আবহাওয়া উষ্ণ ও সমুদ্র শান্ত থাকলে এধরনের পারাপার বাড়ে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আগমনের সংখ্যা বেশি থাকে।
ক্ষমতাসীন লেবার পার্টির উপনেতা লুসি পাওয়েল বিবিসি রেডিওকে বলেছেন, ছোট নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীদের আগমন কমাতে সরকার অতিরিক্ত সম্পদ ও নতুন আইনসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তাঁর ভাষ্য, সরকার এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে; তবে সমস্যা দ্রুত সমাধানের জন্য আরও কাজ প্রয়োজন।





