মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৯:৩৬ অপরাহ্ন
পশ্চিম সোনারপাড়ায় সুপেয় পানি, রাস্তা ও ড্রেনেজ সংকট
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা এবং অসমাপ্ত ড্রেনেজ কাজের কারণে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এসব সমস্যা সমাধানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূমসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
শুক্রবার জুমআ’র নামাজের আগে পশ্চিম সোনারপাড়া বায়তুন নূর জামে মসজিদের মিম্বর থেকে মসজিদ ও স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে এসব সমস্যা তুলে ধরেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল কয়েস।
এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা করা, জরুরি ভিত্তিতে সোনারপাড়া এলাকার অপ্রশস্ত রাস্তা প্রশস্ত করা এবং দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা ড্রেনের কাজ দ্রুত সম্পন্ন করা।
স্থানীয়রা জানান, সিটি করপোরেশনের সরবরাহ করা পানি চাহিদার তুলনায় পর্যাপ্ত না হওয়ায় প্রতিদিনই হাজারো মানুষ পানির সংকটে পড়ছেন। অন্যদিকে সোনারপাড়া এলাকার প্রায় ২০০ থেকে ২৫০ ফুট রাস্তা অত্যন্ত সরু হওয়ায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে।
এ ছাড়া শাহজালাল উপশহর ও সোনারপাড়া সংলগ্ন প্রধান ড্রেনের অধিকাংশ কাজ শেষ হলেও প্রায় ১০০ ফুট অংশ দীর্ঘদিন ধরে অসমাপ্ত রয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি উপচে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
জুমার নামাজ শেষে পঞ্চায়েতের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা সমস্যাগ্রস্ত রাস্তা এবং অসমাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানে একাধিকবার আবেদন জানানো হলেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। সিসিক প্রশাসক সরেজমিন এলাকা পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে তারা আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি





