স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৭:১৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার দুপুরে ঢাকার বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে অসংলগ্ন কথা বলেছেন এবং দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন বলে অভিযোগ করেন নাহিদ।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। পল্টন ও রাজপথের বক্তব্য বলে বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে গেছেন।
নাহিদ বলেন, ‘আজকেও পুরো জনগণের সামনে স্পষ্ট যে, দেশের আইনশৃঙ্খলা পরিবেশ আসলে ঠিক নেই। এটার জন্য বর্তমান সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। আমরা মনে করি, দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে এটা সম্ভব নয়।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, বিএনপির ‘নৈরাজ্য, তা-ব, দখলবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজির’ ধারাবাহিকতা মিরপুরের রাড্ডা সেন্টার এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় দেখা গেছে। এসব ঘটনায় প্রশাসন নিষ্ক্রিয় থেকেছে বলেও অভিযোগ করেন তিনি।
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের প্রসঙ্গে নাহিদ বলেন, সেখানে একটি ফৌজদারি অপরাধ ঘটেছে। কিন্তু প্রশাসন তা প্রতিহত করতে বা বন্ধ করতে পারেনি। এখন কারা হামলা করেছে বা ভুক্তভোগীর দায় কী, তা নিয়ে সরকার নানা নাটক করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, রাজধানীতে ঘটেছে বলে দুটি ঘটনা সামনে এসেছে। তবে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একই রকম বলে দাবি করেন তিনি।





