কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৮:৫৫:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসায় ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতন ও বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, শিশুটির মা গত সোমবার কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন, গত এক মাস ধরে বিভিন্নসময় শিক্ষক মতিউর রহমান তার ছেলেকে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন ও বলাৎকারের চেষ্টা করেন। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর সকালে কক্ষে ডেকে নিয়ে পোশাক খুলে বলাৎকারের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভয়ে এতদিন বিষয়টি কাউকে না জানালেও পরে শিশুটি তার মামার কাছে ঘটনা খুলে বলে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ওসি খান মো. মইনুল জাকির জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।





