চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করুন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৬, ৯:২৭:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে ও ঢাকায় হামলার প্রতিবাদে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। (৯ অক্টোবর) শুক্রবার বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও সিপিবি নেতা মাশরুক জলিলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ,বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক এডভোকেট মহীতোষ দেব মলয়, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল প্রমূখ।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, লাভজনক নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেয়ার মাধ্যমে বর্তমান সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে। সবার আগে বাংলাদেশ শ্লোগান দিয়ে বাংলাদেশের স্বার্থ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকার নৌবাহিনীর চুক্তি থাকায় আমাদের দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্যও এটি মারাত্মক হুমকি। পরিচালনার নামে বিদেশি কোম্পানির হাতে কর্তৃত্ব তুলে দিতেই সরকার চুক্তি করছে। দেশ বিক্রির এই চুক্তির বিরুদ্ধে দেশবাসীকে রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বন্দর ইজারা চুক্তির এই দিনকে কালো দিন হিসেবে উল্লেখ করেন ইনভেস্ট বাংলাদেশ ভবনকে ‘কাশিম বাজার কুটি’ হিসেবে উল্লেখ করেন এবং বন্দর ইজারা চুক্তির হোতা কুখ্যাত আশিক চৌধুরীসহ চুক্তির হোতাদেরকে ’৭১-এর যুদ্ধাপরাধীদের মতোই সার্বভৌমত্ব বিরোধী হিসেবে চিহ্নিত করে বলেন, জনগণ এইসব দেশদ্রোহিদের বিচার একদিন বাংলার মাটিতে করবেই।
নেতৃবৃন্দ বলেন, গত ৮ অক্টোবর বিনিয়োগ ভবনের সামনে শান্তিপূর্ণ সমাবেশের সময় সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ করে। এতে জোটের সমন্বয়ক বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দনসহ ৩০ জন নেতাকর্মী আহত হয়। নেতৃবৃন্দ সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিজ্ঞপ্তি





