নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬, ৮:২৫:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ওসমানী শিশু পার্কের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম- মাহফুজুর রহমান (১৯)। তিনি গোলাপগঞ্জ উপজেলার রনখেলী (লামা, দক্ষিণভাগ) গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও বর্তমানে নগরীর কালীঘাট এলাকার আমজাদ আলী রোডের একটি বাসায় বসবাস করছিলেন।
এসএমপি সূত্র জানিয়েছে, গত ২১ সেপ্টেম্বর সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় মনিপুরী রাজবাড়ী ওয়েস্টার্ন শোরুমের সামনে থেকে মির্জাজাঙ্গাল পয়েন্টের দিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন। এঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাহফুজুর রহমানকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করে পুলিশ। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।






