জুলাই-পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজি ও দলীয়করণ ফিরে এসেছে:রাশেদ প্রধান
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ৭:৫৭:১২ অপরাহ্ন

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে চাঁদাবাজি ও দলীয়করণ ফিরে এসেছে। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশকে নতুন করে সাজানো। শুধু ক্ষমতার পালাবদলের জন্য এ আন্দোলন হয়নি।
বুধবার বিকেলে সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাগপার সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, জুলাই-পরবর্তী সময়ে সংবিধান সংস্কারের প্রত্যাশা ছিল। কিন্তু বিএনপি শপথ গ্রহণের দিনই সংস্কার করবে না বলে জানিয়েছে এবং সংস্কার পরিষদের শপথও নেয়নি বলে তিনি অভিযোগ করেন। অথচ বিএনপির নির্বাচনী ৩১ দফার প্রথম দফায় সংবিধান সংস্কারের কথা ছিল। নির্বাচনে জয়ী হওয়ার পর দলটি আর সংস্কারের কথা বলছে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ক্ষমতার পালাবদলের জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়নি। একটি সরকার যাবে, আরেকটি সরকার আসবে—এমন পরিবর্তনের জন্য মানুষ আন্দোলন করেনি। দেশকে নতুন করে ঢেলে সাজানোর আকাঙ্ক্ষা নিয়েই জুলাই হয়েছিল।
বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে রাশেদ প্রধান বলেন, আন্দোলন-পরবর্তী বাংলাদেশে ক্রসফায়ারের খবর শোনা যাচ্ছে, চাঁদাবাজি ও দলীয়করণ ফিরে এসেছে। মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, অথচ বিল চার গুণ দিতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, তেলের দাম তিনবার বাড়ানো হয়েছে এবং সার নিয়ে সিন্ডিকেট চলছে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার নয়। দেশে নীরব দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দল দুর্ভিক্ষ ঠেকাতে সরকারকে সহযোগিতা করতে চাইলেও তাদের বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে বলে অভিযোগ করেন জাগপার এই নেতা।
রাশেদ প্রধান জানান, দেশ ও জনগণের স্বার্থে বিরোধী দল আগামী ৩১ অক্টোবর ঢাকা, খুলনা ও কুষ্টিয়ামুখী লংমার্চ করবে। এরপর সিলেট অঞ্চলেও লংমার্চ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির ধারাবাহিকতায় সর্বশেষ ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। এ সময় তিনি ২৮ অক্টোবরের লগি-বৈঠার হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন এবং জাগপার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জাগপার সিলেট জেলা শাখার সভাপতি মাহিন আহমদ খানের সভাপতিত্বে এবং মহানগর শাখার সাধারণ সম্পাদক ইমাম আহমদ ও জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, জেলা শাখার সহসভাপতি আবু খালেদ জীবন ও গোলাম রব্বানি, সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু, সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদ, দপ্তর সম্পাদক প্রশান্ত চন্দ্র, শ্রমবিষয়ক সম্পাদক সাজু মিয়া ও মহিলাবিষয়ক সম্পাদিকা আছমা বেগম।
এ ছাড়া বক্তব্য দেন মহানগর শাখার সহসভাপতি পিয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম ও নুরুল ইসলাম জিতু, শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, প্রচার সম্পাদক নুরুল ইসলাম ও মহিলাবিষয়ক সম্পাদিকা নাজমা বেগম। সভায় ঢাকা মহানগর যুব জাগপার সভাপতি এসএম ওলিউর রহমান, পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, মহানগর শাখার সদস্য রুমি আক্তার, ফাহিম ও সুহেলসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বিজ্ঞপ্তি





