৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৭:১০:৩৮ অপরাহ্ন
লন্ডন থেকে সংবাদদাতা: যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসার আর্থিক শর্তে পরিবর্তন আনছে ব্রিটিশ সরকার। ৩০ নভেম্বর ২০২৬ থেকে নতুন আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে জীবনযাত্রার ব্যয় বাবদ আগের তুলনায় বেশি অর্থ দেখাতে হবে। লন্ডন ও লন্ডনের বাইরের শিক্ষার্থীদের জন্য আলাদা অঙ্ক নির্ধারণ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) ইমিগ্রেশন রুলস পরিবর্তনের ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, লন্ডনে পড়াশোনা করতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের প্রতি মাসের জীবনযাত্রার ব্যয় বাবদ ১ হাজার ৫৭০ পাউন্ড দেখাতে হবে। অন্যদিকে, লন্ডনের বাইরে বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যাওয়া শিক্ষার্থীদের প্রতি মাসে ১ হাজার ২০৩ পাউন্ডের সমপরিমাণ অর্থ দেখাতে হবে।
বর্তমানে লন্ডনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য মাসিক অর্থের পরিমাণ ১ হাজার ৫২৯ পাউন্ড এবং লন্ডনের বাইরে ১ হাজার ১৭১ পাউন্ড। অর্থাৎ নতুন নিয়মে লন্ডনে মাসিক প্রয়োজনীয় অর্থ ৪১ পাউন্ড এবং লন্ডনের বাইরে ৩২ পাউন্ড বাড়ছে।
সর্বোচ্চ নয় মাসের অর্থ দেখাতে হবে: হোম অফিসের নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের সর্বোচ্চ নয় মাসের জীবনযাত্রার ব্যয় দেখাতে হয়। সে হিসাবে নতুন নিয়মে লন্ডনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সর্বোচ্চ ১৪ হাজার ১৩০ পাউন্ড এবং লন্ডনের বাইরে পড়তে যাওয়া শিক্ষার্থীদের ১০ হাজার ৮২৭ পাউন্ড দেখাতে হবে।
এই অর্থের সঙ্গে এক শিক্ষাবর্ষের বকেয়া টিউশন ফিও হিসাব করতে হবে। আবেদন করার আগে প্রয়োজনীয় অর্থ টানা ২৮ দিন ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকতে হবে। অর্থাৎ শুধু আবেদনের দিন ব্যাংকে টাকা থাকলেই চলবে না; নির্ধারিত সময়ের আর্থিক প্রমাণ দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের আবাসন খরচে ছাড়
যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বা কলেজের নিজস্ব আবাসনে থাকবেন এবং ভিসা আবেদনের আগে প্রতিষ্ঠানকে আবাসন বাবদ অর্থ পরিশোধ করবেন, তাঁদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে। এ ক্ষেত্রে ব্যাংকে দেখাতে হবে এমন অর্থ থেকে সর্বোচ্চ ১ হাজার ৫৭০ পাউন্ড পর্যন্ত বাদ দেওয়ার সুযোগ থাকবে। তবে এই সুবিধা পেতে আবাসন খরচ পরিশোধের যথাযথ প্রমাণ থাকতে হবে।
কাদের জন্য কার্যকর হবে নতুন নিয়ম
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন আর্থিক নিয়ম ৩০ নভেম্বর বা তার পর জমা দেওয়া স্টুডেন্ট ভিসার আবেদনের ক্ষেত্রে কার্যকর হবে। যারা ২৯ নভেম্বর বা তার আগে আবেদন জমা দেবেন, তাঁদের ক্ষেত্রে আগের আর্থিক শর্ত প্রযোজ্য হবে। ফলে যেসব শিক্ষার্থী ইতিমধ্যে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করেছেন বা ভিসার জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের আবেদনের সময়সীমা ও আর্থিক প্রস্তুতি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত অর্থের ব্যবস্থা করা জরুরি হয়ে উঠবে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিতে আসা শিক্ষার্থীদের ভিসা আবেদনের আগে ব্যাংক স্টেটমেন্ট, টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয়ের হিসাব ভালোভাবে যাচাই করা প্রয়োজন।





