প্রধানমন্ত্রী বরাবর গণদাবি ফোরামের স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৭:৪৫:১৮ অপরাহ্ন
সিলেট নগরীসহ গোটা বিভাগের কাঙ্ক্ষিত উন্নয়ন, দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য নিরসন এবং আঞ্চলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২৫ দফা দাবিসংবলিত স্মারকলিপি পেশ করেছে সিলেট বিভাগ গণদাবি ফোরাম।
সোমবার বিকেলে নগরীর দরগাহ গেট এলাকার একটি অভিজাত হোটেলে ফোরামের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভীর কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিমসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বৈষম্যবিরোধী আন্দোলনসহ দেশের সামগ্রিক অর্থনীতি, প্রবাসী আয় ও জাতীয় উন্নয়নে সিলেট বিভাগ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অথচ দীর্ঘদিন ধরে এ অঞ্চল উন্নয়ন বৈষম্য ও অবহেলার শিকার। প্রবাসী, পর্যটক ও সাধারণ মানুষের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে স্মারকলিপিতে ২৫টি দাবি তুলে ধরা হয়েছে।
স্মারকলিপিতে সিলেট বিভাগ গণদাবি ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বর্তমান সরকার সিলেট বিভাগের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য নিরসনে কার্যকর উদ্যোগ নেবে এবং এসব যৌক্তিক দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বিজ্ঞপ্তি






