লিডিং ইউনিভার্সিটিতে পর্যটন মেলা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৬:৩২:৪৮ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটিতে ষষ্ঠবারের মতো দুই দিনব্যাপী ‘পর্যটন মেলা ২০২৬’ শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের মিলনায়তনে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিক।
লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাব (এলইউটিসি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম এ মালিক বলেন, সিলেট অঞ্চলের গর্ব লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলীর অবদান বলে শেষ করা যাবে না। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তাঁর প্রতিষ্ঠিত লিডিং ইউনিভার্সিটি, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, এ অঞ্চলে দক্ষ জনশক্তি গড়ে তুলতে রাগীব আলীকে একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। সিলেটে পর্যটনশিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এ শিল্পের বিকাশে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি এবং মাদকবিরোধী প্রচারণায় বর্তমান সরকারের সুদৃষ্টি রয়েছে।
সিলেটের পর্যটনশিল্পের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ভূমিকার প্রশংসা করে তিনি লিডিং ইউনিভার্সিটিতে তৃতীয় ভাষা শিক্ষার কোর্স চালুর পরামর্শ দেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী বলেন, পর্যটনশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এ খাতের উন্নয়নে আমাদের আরও মনোযোগী হওয়া প্রয়োজন। পর্যটন অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার উদ্যোগ নিতে হবে।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, সিলেটের পর্যটনশিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের আয়োজন পর্যটকদের মধ্যে নতুন করে ভ্রমণের আগ্রহ তৈরি করে, যা পর্যটনশিল্পকে এগিয়ে নিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া।
কীনোট স্পিকার হিসেবে টেকসই পর্যটন বিষয়ে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল হামিদ।
অনুষ্ঠানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম সরকারের সমন্বয়ে ‘ট্রাভেল জাজ ভলিয়ম-৪’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এবারের মেলায় বাংলাদেশের পর্যটনবিষয়ক স্টোরিটেলার শফিউল আজমকে পর্যটন অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তি






