ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৭:৪৬:৫৭ অপরাহ্ন

সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের আবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। শ্রেণিকক্ষের ছাদ ও দেয়াল থেকে প্রায়ই খসে পড়ছে পলেস্তারা। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। যে কোনো সময় ভবনের পলেস্তারা কিংবা অংশবিশেষ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কায় পাঠে মনোযোগ ব্যাহত হচ্ছে তাদের।
আবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত। ১৯৯৩-৯৪ অর্থবছরে বিদ্যালয় ভবনটি পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ১০২ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক রয়েছেন। তবে দীর্ঘদিন ধরে সংস্কার ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি এখন জরাজীর্ণ। ভবনের বিভিন্ন স্থানে বিশেষ করে বিমে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। পাঠদান চলাকালে বিম, ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে আসতে হচ্ছে। হঠাৎ পলেস্তারা খসে পড়ার ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকরাও তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই জরুরি ভিত্তিতে ভবনটি পরিত্যক্ত ঘোষণার পাশাপাশি নতুন ভবন নির্মাণ কিংবা বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সায়েম মিয়া জানায়, মাঝে মাঝে ক্লাস চলাকালে হঠাৎ পলেস্তারা খসে পড়ে। তখন তারা আতঙ্কিত হয়ে পড়ে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুইটি আক্তার জানায়, তারা সব সময় ভয়ে থাকে, কখন জানি পলেস্তারা খসে মাথায় পড়ে!
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হক খোকন বলেন, প্রায় ৫ বছর ধরে বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ। কয়েক দিন আগে ক্লাস শুরুর কিছুক্ষণ আগে একটি শ্রেণিকক্ষের ভিমের কিছু অংশ ধসে পড়ে। এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে থাকায় কোনো সমস্যা হয়নি। কিন্তু এটি প্রতিনিয়ত ঘটছে। আমরা ঝুঁকির মধ্যে আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ বলেন, ওই বিদ্যালয়ের ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে পাঠদান থেকে বিরত থাকার জন্য প্রধান শিক্ষককে বলা হয়েছে। দ্রুত সেখানে একটি টিনশেড ঘর নির্মাণ করে বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হবে এবং অনুমোদনপ্রাপ্তি সাপেক্ষে নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





