মহিষ ও মাছ ছিনতাইয়ের অভিযোগে ৪ ছাত্রদল নেতা বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৬:৪৫:৪২ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে পৃথক দুটি অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের চার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলায় মহিষবাহী পিকআপ ডাকাতি এবং কুলাউড়ায় মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় নাম জড়ানোর পর তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার রাতে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. রাকিব আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন, কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাদ উদ্দিন রাজ, পৌর ছাত্রদলের সদস্য সুজন আরিয়ান, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খান এবং মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, গত ১৯ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় পুলিশ পরিচয়ে মহিষবাহী একটি পিকআপ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সদর মডেল থানা পুলিশের অভিযানে চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, গত ১ নভেম্বর কুলাউড়ার কৌলা এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মাছবোঝাই একটি মিনি ট্রাক আটকে মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়। মামলায় কুলাউড়া পৌর ও কলেজ শাখার তিন ছাত্রদল নেতাকে আসামি করা হয়েছে।
পৃথক দুটি ঘটনায় ছাত্রদলের নেতাদের নাম জড়িয়ে পড়া এবং এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার মধ্যে জেলা ছাত্রদল তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করল।






