শাহজালাল মাজারের একতরফা কমিটি ও অর্থ বণ্টন প্রথা বাতিলের দাবিতে সভা
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৭:৩৪:০৩ অপরাহ্ন

হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, কথিত ৬৫ ও ৩৫ শতাংশ অর্থ বণ্টন প্রথা বিলোপ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ভক্ত-আশেকানদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আছর নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, কিশোরগঞ্জের পাগলা মসজিদের আদলে হযরত শাহজালাল (রহ.) মাজার পরিচালনার উদ্যোগ নিতে হবে। এ মাজার সিলেটের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের আবেগ, বিশ্বাস ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দু। অথচ দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র একতরফাভাবে কমিটি গঠন করে মাজারের দান-অনুদান ও আয়ের অর্থ ৬৫ ও ৩৫ শতাংশ হারে ভাগ-বণ্টন করতে চায় বলে তাঁরা অভিযোগ করেন। বক্তারা অবিলম্বে বর্তমান একতরফা কমিটি বাতিল করে সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি সর্বজনীন ও গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান।
১১ দলীয় জোটের শীর্ষ নেতা ও রাজনীতিবিদ মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে এবং সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফীর পরিচালনায় সভায় বক্তব্য দেন সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহের, মুক্তার আহমদ তালুকদার, প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, মাজার সুরক্ষা কমিটির সভাপতি জামিল আহমদ লিটন, টিপু চৌধুরী, সিলেটি পঞ্চায়েত নেতা শামসুল ইসলাম, ইমতিয়াজ রহমান ইনু, জুলাই যোদ্ধা আব্দুশ শহীদ খান, মাসুক মিয়া, মাওলানা হোসাইন আহমদ মাদানী, মাওলানা আসলাম রহমানী, সেলিম আহমদ, আনোয়ার হোসেন রুবেল, এমডি কামাল মিয়া, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খান, সাংবাদিক এম এ আলী জালালাবাদী, জয়নাল আহমদ, মুজিব মিয়া, মীর নাজিম উদ্দিন, আব্দুল জলিল ও মাওলানা জামাল উদ্দিন প্রমুখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা আব্দুল মুনিম। বিজ্ঞপ্তি





