এয়ারলাইন্স ক্লাব সিলেটের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৭:৩৮:১৩ অপরাহ্ন

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদের যাত্রীসেবার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও অবদান প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন এয়ারলাইন্স ক্লাব অব সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমেদ।
তিনি বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের সবার আবেগ ও ভালোবাসার জায়গা। পরিচালক মো. হাফিজ আহমেদ তাঁর কর্মজীবনে বিমানবন্দরের যাত্রীসেবার মানোন্নয়নে যেসব উদ্যোগ নিয়েছেন এবং যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অবশ্যই প্রশংসার দাবিদার। বিশেষ করে প্রবাসীরা যাতে বিমানবন্দরে সম্মানজনক ও আন্তরিক সেবা পান, সে লক্ষ্যে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তাঁর অবসরজনিত বিদায় আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তবে এয়ারলাইন্স ক্লাব অব সিলেটের সঙ্গে তাঁর সুসম্পর্ক, আন্তরিকতা ও ভালোবাসা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
বুধবার রাত ৯টায় নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদের অবসর গ্রহণ উপলক্ষে এয়ারলাইন্স ক্লাব অব সিলেট আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্লাবের সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ জিহান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিদায়ী বিমানবন্দর পরিচালক মো. হাফিজ আহমেদ। এ সময় ক্লাবের পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সালাম এয়ারের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মুহাম্মদ আরিফুল ইসলাম (রাজন) ও ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান।
বিদায়ী বক্তব্যে মো. হাফিজ আহমেদ বলেন, সিলেটে আসা মানুষের আনন্দ ও উচ্ছ্বাস তাঁকে সবসময় মুগ্ধ করত। বিমানবন্দরের বর্তমান অবস্থানের পেছনে এয়ারলাইন্স ক্লাব, কর্মকর্তা-কর্মচারী, যাত্রী ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত অবদান রয়েছে। সবার সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন সম্ভব হতো না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, আব্দুল্লাহ জাহেদ, আব্দুল্লাহ আল হারুন, মো. মারুফ আহমেদ, আফসার আলম, মোরশেদ ফখরুল, মো. বদরুল আলম, মোহাম্মদ বোরহান উদ্দিন, সেলিম আল রাজী, মো. হামেদ বিন হানিফ, পঙ্কজ কুমার বড়ুয়া, মো. মুসা আহমেদ রবিন, সাব্বির আহমদ মুন্না, শমসের তাবরিজ প্রীতমসহ ক্লাবের অন্যান্য সদস্য। বিজ্ঞপ্তি






