সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৮:৪৪:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ১২ হাজার টাকা।
শুক্রবার (৬ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির মিডিয়া সেল থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার বাদশা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্তের প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৮৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। যার বাজারমূল্য ১০ লাখ ৮ হাজার টাকা।
এর ধারাবাহিকতায় শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে একই বিওপির অপর একটি বিশেষ টহলদল সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে আরও ৪২০ কেজি ভারতীয় জিরা জব্দ করে। যার বাজারমূল্য ৫ লাখ ৪ হাজার টাকা।
পৃথক অভিযানে জব্দকৃত মোট ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরার বাজারমূল্য ১৫ লাখ ১২ হাজার টাকা।
শুক্রবার (৬ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আলম জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।






