১৯ বিজিবির ১৪ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৭:৪৬:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার সকালে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার ভোর ৬টার দিকে সুরাইঘাট বিওপির একটি টহলদল কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬৩টি ভারতীয় শাড়ি, ২১০টি নিভিয়া লোশন, ৪২০টি বডি স্প্রে, ৩০২টি ফেসওয়াশ, ২৫ কেজি কফি ও ১০০ কেজি চিনি জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য ১৩ লাখ ১৫ হাজার ৩০০ টাকা।
এদিকে, একই দিন সকাল ৮টা ১০ মিনিটে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরু জব্দ করে গুয়াবাড়ী বিওপির টহলদল। সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় পাওয়া গরু দুটির বাজারমূল্য এক লাখ টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আলম জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





