শীতহীন পহেলা অগ্রাহায়ণ
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৬:০০:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
“আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
হয়তো মানুষ নয়- হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে…”
জীবনানন্দ দাশের কবিতার মতোই কার্তিক পেরিয়ে আজ পহেলা অগ্রহায়ণ। প্রকৃতিতে হেমন্তের দ্বিতীয় মাসের আগমনী বার্তা এবং গ্রামীণ জনপদে নবান্নের শুরু। তবে চা-বাগান আর পাহাড়বেষ্টিত জনপদ সিলেটে এখনো দেখা মিলছে না প্রত্যাশিত শীতের। ভোরের দিকে ঘাসের ডগায় হালকা শিশিরবিন্দু আর মৃদু হিমেল হাওয়া বইলেও, বেলা বাড়ার সাথে সাথে রোদের প্রখরতায় উধাও হয়ে যাচ্ছে হেমন্তের সেই চিরচেনা স্নিগ্ধতা। ফলে অগ্রহায়ণের শুরুতেও এখনো ফ্যান চালিয়ে দিন কাটাতে হচ্ছে সিলেটবাসীকে।
সাধারণত কার্তিকের শেষ ও অগ্রহায়ণের শুরুতেই সিলেটের চা-বাগান, টিলা ও হাওরাঞ্চলে বেশ ভালো শীত পড়ে। কিন্তু এবারের চিত্র ভিন্ন। তবে শহরে শীতের তেমন আবহ বুঝা না গেলেও শহরতলী, গ্রাম এবং চা বাগানে রাতে অনেকটা শীতের অনুভব মিলছে। কিন্তু প্রত্যাশিত শীতের দেখা এখনও মিলেনি।
এদিকে দিনের বেলায় কড়া রোদের কারণে নগরবাসী এখনো গরম কাপড় বের করেননি। তবে ভোররাতে ও গভীর রাতে মোটরসাইকেল আরোহী এবং শ্রমজীবী মানুষ হালকা শীত অনুভব করছেন।
শীত জেঁকে না বসায় সিলেটের বিপণিবিতান ও ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোতে এখনো তেমন ক্রেতা সমাগম শুরু হয়নি। ব্যবসায়ীরা শীতের অপেক্ষায় দিন গুনছেন।
সিলেটের গ্রামীণ জনপদ ও হাওরাঞ্চলে সোনালি আমন ধান কাটার ধুম পড়েছে। তবে প্রকৃতিতে হেমন্তের রূপ ধরা দিলেও, হিমেল হাওয়ার অনুপস্থিতিতে নবান্নের সেই চিরায়ত আমেজ যেন কিছুটা ম্লান।
অপরদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, নগরায়ণ এবং বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরের হিমেল হাওয়া এখনো পুরোপুরি সক্রিয় হয়নি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সিলেটের আবহাওয়া মূলত শুষ্ক ও রোদেলা থাকবে। তবে আগামী বৃহস্পতিবার থেকে আকাশ মেঘলা হতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর চলতি মাসের শেষ সপ্তাহ কিংবা ডিসেম্বরের শুরুতে সিলেটে জেঁকে বসতে পারে কাক্সিক্ষত শীত।




