নগরীতে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৮:১৫:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর ছয়টি এলাকায় পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের উত্তর বালুচরের জোনাকি আবাসিক এলাকা, শাহপরাণের চকগ্রাম ও পীরের চক, ৮ নম্বর ওয়ার্ডের খাদিমপাড়ার শ্মশান টিলা, আখালিয়ার মজুদদার টিলা এবং বড়গুল এলাকার হুয়াইটিলা (মঈনউদ্দিন টিলা) পরিদর্শন করা হয়।
তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তাঁদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, পরিদর্শক মো. রুকন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ জানান, সিলেট বিভাগের জেলাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।





