বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৮:২৩:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট শহরতলীর বটেশ্বর এলাকা থেকে ৫৪৪ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে সিলেট মহানগর পুলিশ। রোববার পরিচালিত এই অভিযানে একটি কাভার্ডভ্যান জব্দসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩২ হাজার টাকা।
এসএমপি সূত্র জানিয়েছে, রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে অভিযান চালায় পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৫৪৪টি ভারতীয় কম্বল উদ্ধার করেন। পরে কম্বলসহ কাভার্ড ভ্যানটি জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দক্ষিণ গোপধা চাত্রাপাড় এলাকার সাইফুল ইসলামের পুত্র মো. আলামিন (২৮) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পঞ্চবটি এলাকার বিল্লাল হোসেনের পুত্র মো. সুজন (২০)।
সোমবার (১৬ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, এ ঘটনায় শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।





