সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৯:০২:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেটে হামে ২ জনের মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছেন ১৬ জন। এই সময়ে উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১৩৩ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪৮ জন।
শুক্রবার (২০ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ৫ মাস বয়সী আবু সালেহ সিলেট সদর উপজেলার এবং ১০ মাস বয়সী তৌহিদুল ইসলাম নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার বাসিন্দা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮২৫ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৫৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৭২ এবং সুনামগঞ্জে ৯২১ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৩, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৮, পার্কভিউ মেডিকেলে ৬, নর্থ ইষ্ট মেডিকেলে ৪, মাউন্ট এডোরা ২, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন হাম রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫৪৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৮, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮, পার্কভিউ মেডিকেলে ২২, নর্থ ইস্ট মেডিকেলে ১৫, মাউন্ট এডোরা হাসপাতালে ১২, ওয়েসিস হসপিটালে ১, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৪ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬১, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২০ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২২৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৯৩, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৯৭, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘন্টায় সিলেটে ৩ শিশুর মৃত্যু, ৩ জন নতুন শনাক্ত এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ১৫৭ জন।





