দক্ষিণ সুরমা জামায়াতের জনশক্তি সমাবেশে ফখরুল : জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করুন
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ৭:১০:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশপ্রেমিক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার সুযোগ দেওয়া যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠা এবং সবধরনের নৈরাজ্য প্রতিরোধে জাতীয় ঐক্যের বিকল্প নেই। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে সুদৃঢ় করতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্তমানবতার সেবা এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে আসছে। দেশ ও জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে জামায়াত অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। আদর্শিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর সীমাহীন জুলুম-নির্যাতন চালানো হয়েছে। কিন্তু সব জুলুম ও ষড়যন্ত্র উপেক্ষা করে জামায়াত ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে জামায়াত অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে।
তিনি শুক্রবার (২০ নভেম্বর) রাতে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা জামায়াতের জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফয়জুল ইসলাম জায়গীরদারের পরিচালনায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা থানা নায়েবে আমীর মাওলানা মশাহিদ আহমদ, সহকারী সেক্রেটারী কাজী জাফর আহমদ, ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার আব্দুল জলিল নজরুল, থানা জামায়াত নেতা মাওলানা শামসুল ইসলাম, এডভোকেট নাজমুল হুদা, ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে থেকে এসএম মুছা, ডা. আবুল লেইছ ও আবুল কালাম আজাদ প্রমূখ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, রাষ্ট্র, সরকার ও সমাজের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। জামায়াতে ইসলামী সেই নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দলের সর্বস্তরের জনশক্তিকে আরও বেশি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ড. নূরুল ইসলাম বাবুল বলেন, মানুষের আস্থা অর্জনে জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাড়াতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি, মানবিক উদ্যোগ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে।




