রাত ১২টার পর বাইক চলাচল নিয়ন্ত্রণে এসএমপির গণবিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ৯:০০:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
শনিবার (২১ নভেম্বর) এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিতকল্পে শনিবার (২১ নভেম্বর) থেকে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত করা হলো।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচলকারীদের হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।
জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





