৩ ডিসেম্বর সিলেট আসছেন স্পিকার : সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ৯:০৩:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের আসন্ন সিলেট সফর সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সফরের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, অভ্যর্থনা ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি। সভায় উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। এছাড়া সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ৩ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা সফর করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে তাঁর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর সকাল ৯টায় স্পিকার ও অতিথিরা হেলিকপ্টারযোগে সংসদ ভবন থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১০টায় জকিগঞ্জে অবতরণের পর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরকালে স্পিকার কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে শায়িত শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করবেন। পরে জকিগঞ্জের চারিগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করবেন। এরপর জকিগঞ্জ উপজেলা সদরে জেলা প্রশাসন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপিসহ সিলেট বিভাগের মন্ত্রী ও সংসদ সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল ৪টায় তাঁর ঢাকার উদ্দেশ্যে ফিরে যাওয়ার কথা রয়েছে।
এদিকে, জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণের দাবি জাতীয় সংসদেও তুলে ধরেছেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। চলতি বছরের ৭ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় তিনি এ অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাস ও এলাকার উন্নয়ন সমস্যার বিষয়টি তুলে ধরেন। স্পিকারের এই সফরের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ এবং জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিটি আরও গুরুত্ব পাবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কানাইঘাট ও জকিগঞ্জের বিভিন্ন সম্মুখযুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বিশেষ করে ১৯৭১ সালের ২২ নভেম্বর কানাইঘাটের চাপনগরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে তাঁর চোখের সামনেই শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম। পরে তাঁকে সেখানেই সমাহিত করা হয়। দীর্ঘ ৫৫ বছর পর সেই রণাঙ্গনের স্মৃতিবিজড়িত এলাকায় স্পিকারের এই সফর মুক্তিযুদ্ধের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন করে স্মরণ করার উপলক্ষ হয়ে উঠেছে।





