ভারতে যাওয়ার পথে সিলেট সীমান্তে মা-মেয়ে আটক
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ৯:০৪:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে খুলনার মা-মেয়েকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ডিবিরহাওর লালশাপলা বিলসংলগ্ন একটি পরিত্যক্ত মন্দিরের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, খুলনার তেরখাদা উপজেলার নয়া বারশাত গ্রামের মাসুদ মোল্লার স্ত্রী রাফেজা বিবি (৪৫) ও তাঁর মা মেহেরুন বিবি (৭০)।
বিজিবি সূত্রে জানা যায়, কলকাতায় চাকরির প্রলোভন দেখিয়ে খুলনার এক দালাল তাদের সীমান্ত এলাকায় নিয়ে আসেন। পরে স্থানীয় আরেক দালালের কাছে হস্তান্তরের কথা ছিল। এ সময় ডিবিরহাওর বিওপির টহল দল তাদের আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়।
আটক রাফেজা বিবি জানান, দালালরা তাদের কাছ থেকে ৬০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এঘটনায় খুলনার এক দালালের পরিচয় শনাক্ত করা হয়েছে। স্থানীয় আরও একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





