বিশ্বনাথে সোনা মিয়া হত্যা জকিগঞ্জ থেকে গ্রেপ্তার ২
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৮:২০:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে সংঘবদ্ধ হামলায় সোনা মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। রোববার দিবাগত রাত দেড়টার দিকে জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিশ্বনাথ উপজেলার দিঘলী দত্তপুর গ্রামের মৃত নরী চন্দের ছেলে হেলন চন্দ (৪০) ও নগেন্দ্র কুমার চন্দের ছেলে পিযুষ চন্দ (৫০)। তারা মামলার যথাক্রমে ৩ ও ৫ নম্বর এজাহারনামীয় আসামি।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্বনাথ উপজেলার মান্দাবাজ এলাকায় রাস্তার মধ্যে অটোরিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে সোনা মিয়ার ভাতিজা রুবেল আহমদের সঙ্গে কাঞ্চন চক্রবর্তীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাঞ্চন চক্রবর্তীর নির্দেশে অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুবেলের ওপর হামলা চালায়। এসময় রুবেল গুরুতর আহত হন। খবর পেয়ে চাচা সোনা মিয়া ও পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও সংঘবদ্ধ হামলা চালানো হয়। এসময় কাঞ্চন চক্রবর্তী ধারালো দা দিয়ে জয়নাল মিয়ার মাথায় আঘাত করেন। নাজমা বেগমকেও কাঠের রুইল দিয়ে আঘাত ও মারধর করা হয়। অন্যদিকে, সোনা মিয়াকে লোহার পাইপ দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্ত জমাট বাঁধে।
পরে আহতদের উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে পরিবারের সদস্যরা সোনা মিয়াকে সিলেট কমিউনিটি বেইজড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ নভেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা করেন। মামলায় প্রথমে হত্যা চেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়। পরে এতে দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজন করে হত্যা মামলা করা হয়।
এসআরবি-৯ জানায়, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।





