ভোটের মাঠে নতুন হিসাব
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৫:০৭:০৫ অপরাহ্ন
ইউপিতে ভোটার ১২ কোটি ৯২ লাখ!
জালালাবাদ রিপোর্ট : ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত হলো ভোটের মাঠের পরিসংখ্যান। চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে বেড়েছে ভোটার। দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।
ইসির তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে যাঁদের বয়স ১৮ বছর বা তার বেশি হয়েছে এবং ভোটার হওয়ার আবেদন করেছেন, তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ৩১ আগস্টের পর তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।
এখন মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং ১ হাজার ২৯৭ জন হিজড়া ভোটার রয়েছেন।
এদিকে, ইউপি ভোটকে সামনে রেখে ৫৫টি রাজনৈতিক দল ইসির সংলাপের জন্য ডাক পেয়েছেন। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নাম রয়েছে। এ ছাড়া তালিকায় রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণফ্রন্ট, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)।
আমন্ত্রিত অন্য দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণতন্ত্রী পার্টি, ইসলামী ঐক্যজোট, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, বিকল্পধারা বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, খেলাফত মজলিস এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)।
এ ছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জনতার দল, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ কংগ্রেস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও গণফোরামকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
এবার পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউপিতে ভোট হবে। প্রথম ধাপে ভোট হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ২৯ ও ৩০ নভেম্বর এবং আগামী ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।




