শীতের পালাবদল
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৪:০৮:৫৮ অপরাহ্ন
শ্রীমঙ্গলে একদিনে তাপমাত্রা কমলো ৬.৫ ডিগ্রী
স্টাফ রিপোর্টার : উষ্ণতার দিন পেরিয়ে প্রকৃতিতে এখন শীতের পালাবদল। দেশের নানা প্রান্তে শীতের অনুভূতি আরও স্পষ্ট হচ্ছে। শ্রীমঙ্গলে একদিনের ব্যবধানে তাপমাত্রা নেমেছে সাড়ে ৬ ডিগ্রী। আর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে-এই শীতল প্রবণতা আরও কয়েক দিন চলবে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে উপজেলাজুড়ে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। সকালে হালকা শীত অনুভূত হচ্ছে। যদিও অন্যান্য বছরের তুলনায় এবার এখনো শীতের তীব্রতা তেমন দেখা যায়নি।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, শ্রীমঙ্গলে এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি কমেছে। সময় যত গড়াবে, তাপমাত্রা আরও কমতে থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা বলেন, বুধবার যেমন তাপমাত্রা কমেছে, আজ বৃহস্পতিবারও কমতে পারে। এরপর দুই দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। অর্থাৎ আপাতত তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আজ ও আগামীকাল সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী পাঁচ দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। শুধু সিলেটে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।




