জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য গড়তে হবে : মাওলানা হাবিব
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৬:৩০:১০ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে ভাংচুর, জ্বালাও পোড়াও চালাচ্ছে। চোরাগুপ্তা হামলা, বাসা বাড়িতে আগুন দেয়া এমনকি হত্যার মতো জঘন্য কাজও করেছে তারা। অপরদিকে ক্ষমতাসীন বিএনপি সরকারের ব্যর্থতার সুযোগে দৃস্কৃতকারীরা পার পেয়ে যাচ্ছে। তিনি বলেন, এইসব অপরাধীদের শক্ত হাতে দমন করতে হবে। পতিত স্বৈরাচারের আস্ফালন বন্ধে জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এর কোন বিকল্প নেই। মাওলানা হাবিবুর রহমান শুক্রবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত জেলা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাওলানা হাবিব বলেন, দেশের মানুষের জান-মালের প্রশ্নে কোন ধরনের আপোষ কাম্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের কঠোরভাবে প্রতিহত করতে হবে। জুলাইয়ে রক্ত দেয়া জনগণ প্রয়োজনে আবারো রাস্তায় নামবে তবু ফ্যাসিবাদকে পুনর্বাসন হতে দেবেনা।
জেলা জামায়াত সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ, জেলা নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন প্রমূখ। বিজ্ঞপ্তি




