পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৬:৩৯:৩২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বাংলাদেশের পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন ১৮ শতাংশ শুল্কের কারণে দেশটিতে পোশাকের দাম বাড়তে পারে। এতে মার্কিন ভোক্তারা পোশাক কেনায় ব্যয় কমালে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদাও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন, প্রতিযোগী দেশগুলোর পণ্যেও নতুন শুল্ক আরোপের প্রস্তাব থাকায় তাৎক্ষণিকভাবে বাংলাদেশের রপ্তানিতে বড় প্রভাব পড়ার আশঙ্কা কম। তবে যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ কমে গেলে পণ্য সরবরাহ ও রপ্তানিকারকদের মুনাফায় চাপ তৈরি হতে পারে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা গড়ে তুলে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য বাজারে প্রবেশের সুযোগ সীমিত করার অভিযোগে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ চীন, ভারত ও ভিয়েতনামসহ আরও ১৩ দেশের ওপর এই নতুন শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবটি কার্যকর হলে বাংলাদেশের পণ্যে মোট শুল্কের হার বর্তমান ২৫ দশমিক ৬২ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ৬২ শতাংশ হবে। বর্তমানে বাংলাদেশের পণ্যে ১৫ দশমিক ৬২ শতাংশ সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের (এমএফএন) শুল্ক ও ১০ শতাংশ জোরপূর্বক শ্রমসংক্রান্ত শুল্ক রয়েছে। প্রস্তাবিত নতুন শুল্ক কার্যকর হলে ১০ শতাংশ শুল্কটি বেড়ে ১৮ শতাংশ হবে।
বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে পোশাক আমদানি কমেছে। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) অনুযায়ী, ২০২৫ সালে দেশটির পোশাক আমদানি ২০২৪ সালের ৭৯ দশমিক ২৫ বিলিয়ন ডলার থেকে কমে ৭৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির আমদানি করা পোশাকের বাজারে বাংলাদেশের অংশ ছিল ১২ দশমিক ৩ শতাংশ।
কয়েক বছর আগেও বাংলাদেশ থেকে প্রায় ১০০ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছিল যুক্তরাষ্ট্র। গত বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। এর ৯৫ শতাংশের বেশি বস্ত্র ও তৈরি পোশাক। হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, ১৮ শতাংশ শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অংশীদারত্ব কমার আশঙ্কা রয়েছে। কারণ, এতে পণ্যের দামও বাড়বে। বছরে প্রায় ১ বিলিয়ন ডলারের বস্ত্র ও তৈরি পোশাক রপ্তানি করে হা-মীম। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ পণ্যই যায় যুক্তরাষ্ট্রে। তবে শুল্ক এখনো কার্যকর হয়নি এবং আগামী জানুয়ারিতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এরপর কী হবে, তা এখনই বলা কঠিন।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, অন্য দেশগুলোর ওপরও একই ধরনের প্রভাব পড়বে। তবে যুক্তরাষ্ট্রে সামগ্রিকভাবে বস্ত্র ও পোশাক আমদানি কমলে দেশটির ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্য কেনাও কমিয়ে দিতে পারেন।




