জুড়ীতে তিন ইউনিয়নে বিএনপির কাউন্সিল
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৫, ৮:১৫:৪৮ অপরাহ্ন

জুড়ী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা শাখার অন্তর্গত তিনটি ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে ভোটারদের গোপন ভোটে প্রতিটি ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিভিন্ন তারিখে অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলরগণ গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় এবং গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার গোয়ালবাড়ি ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়। ৪৩৯ ভোটারের মধ্যে ৪০৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি নির্বাচিত হয়েছেন রিয়াজ মিয়া। তিনি পেয়েছেন ২৯১ ভোট। ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহেল আহমদ। সাংগঠনিক সম্পাদক পদে ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ চান্দ আলী মচু।
এর আগে ফুলতলা ইউনিয়ন নির্বাচনে ৩৮০ ভোটারের মধ্যে ৩৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মধ্যে ১৫২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন সেলিম। সাধারণ সম্পাদক পদে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ সিদ্দিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তজমুল আলী।
পূর্বজুড়ী ইউনিয়ন নির্বাচনে ৩৪৯ ভোটারের মধ্যে ৩১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুহিদ আলী নামর। তিনি পেয়েছেন ১৮৫ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত সহিবুর রহমান তুয়েল। তিনি পেয়েছেন ১৮৫ ভোট। ১৮৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জাইন উদ্দিন।
নির্বাচন কমিশনের আহ্বায়ক ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা: মেস্তাকিম হোসেন বাবুল, সদস্য সচিব নজরুল ইসলাম ও সদস্য মোঃ আব্দুল মালিক। প্রিজাইডিং অফিসার ছিলেন শিক্ষক দিবাকর দাস, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন প্রভাষক সাইদুল ইসলাম, শিক্ষক নজরুল ইসলাম ও শিক্ষক সেলিম উদ্দিন।






