বড়লেখায় চোরাই গরু ও দেশীয় মদসহ গ্রেপ্তার ৪
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৩:০৭ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা চারটি গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধ পথে গরু আনার গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বড়লেখা হাজীগঞ্জ বাজারের গরুর হাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসআই মো. আবদুল করিম ও এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালালে চোরাকারবারিরা একটি পিকআপ থেকে কয়েকটি গরু নামিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গরু উদ্ধার এবং শাহিন আহমদ (১৯) ও আফজল হোসাইন আইনুল (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শাহিন উপজেলার বিওসি কেছরীগুল ডিমাই এলাকার আব্দুল আজিজ বচুর ছেলে এবং আফজল হোসাইন একই এলাকার আব্দুল হান্নানের ছেলে।
অন্যদিকে, সোমবার রাতে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ সংলগ্ন ডেফলতলা সড়কে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার বড়ময়দান এলাকার রাজিব রবিদাস (২৬) ও রাজু রবিদাস (২৬)।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, পৃথক অভিযানে ভারতীয় গরু পাচারের অভিযোগে দুইজন এবং মাদক পাচারের অভিযোগে আরও দুইজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চারটি গরু, ৪০ লিটার দেশীয় মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





