জুড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৯:৪২ অপরাহ্ন

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অনন্য দাস (৭) এবং তার ভাগ্নে রাজনগর উপজেলার নারায়ণ দাসের ছেলে দুর্য্য দাস (৯)। অনন্য স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং দুর্য্য চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতদের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য বাবুল আহমদ জানান, অমল দাস পরিবার নিয়ে বড়লেখায় বসবাস করেন। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাড়িতে এসেছিলেন। এ সময় তার বোন ছেলে দুর্য্যকে নিয়ে সেখানে বেড়াতে আসেন।
বুধবার সকালে অনন্য ও দুর্য্য বাড়ির পাশে একটি কালভার্টের নিচে বর্ষি নিয়ে মাছ ধরতে যায়। পরে তারা নিখোঁজ হয়। একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতিক্রমে ধর্মীয় রীতি অনুযায়ী তাদের মরদেহ দাহ করা হয়েছে।





