মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৪:০৯ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর প্রকৌশলী মো. শাহেদ আলী বলেছেন, কুরআন ও সুন্নাহর আলোকে জীবনকে সাজাতে পারলে আধুনিক যুগের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সোনালি সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, কুরআন-সুন্নাহর আলোকে জীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে পারলে সমাজে বিদ্যমান বৈষম্য ও অব্যবস্থাপনা দূর করা সম্ভব। তিনি বলেন জামায়াতে ইসলামী গত ৫৪ বছর ধরে বাংলাদেশে এ লক্ষ্যেই কাজ করছে। মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার ৪ নম্বর কাগাবলা ইউনিয়নের কাগাবলা বাজারে জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন সভাপতি ফয়েজ আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি সুমন আহমদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম ও উপজেলা কর্ম ও শুরা সদস্য দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহসভাপতি অলিউর রহমান তালুকদার, আমতৈল ইউনিয়ন সেক্রেটারি আশরাফুল ইসলাম ও যুব বিভাগের ইউনিয়ন সভাপতি শরফ উদ্দীনসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রকৌশলী শাহেদ আলী আরও বলেন, ২০২৪ সালে একটি গণঅভ্যুত্থান হয়েছিল। সেখানে যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে এসেছিলেন। তাদের মূল প্রত্যাশা ছিল পরিবর্তন ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ। তিনি দাবি করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল। তবে রাত ১২টার পর ফলাফল পরিবর্তন করা শুরু হয় বলেও তিনি অভিযোগ করেন।





