জোহর বাহরুতে মোবাইল কন্স্যুলার সার্ভিসে নতুন পাসপোর্ট আবেদন ও বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৭:৩৬:১২ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার জোহর বাহরুতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তিদায়ক ও সময়োপযোগী সেবা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ হাইকমিশন। ২০ ডিসেম্বর জোহর বাহরুর অগ্রণী একটি রেমিট্যান্স হাউজে মোবাইল কন্স্যুলার সার্ভিসের মাধ্যমে নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ এবং প্রস্তুতকৃত পাসপোর্ট বিতরণ করা হয়।
এই মোবাইল কন্স্যুলার সার্ভিস কার্যক্রমে সরাসরি প্রবাসীদের সেবা প্রদান করেন কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট উইংয়ের প্রধান মো. ইয়াছিন কবির। দিনব্যাপী এই কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত হয়ে পাসপোর্ট সংক্রান্ত সেবা গ্রহণ করেন।
সেবাকেন্দ্রে নতুন ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাইসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করা হয়। একই সঙ্গে পূর্বে আবেদন করা প্রবাসীদের হাতে তাদের নতুন পাসপোর্ট তুলে দেওয়া হয়। দীর্ঘদিন অপেক্ষার পর পাসপোর্ট হাতে পেয়ে প্রবাসীদের মধ্যে সন্তোষ ও স্বস্তি লক্ষ্য করা যায়।
এ সময় পাসপোর্ট সেবার পাশাপাশি প্রবাসী নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ পোস্টাল ভোটিং নিবন্ধন কার্যক্রমেও সহযোগিতা প্রদান করা হয়। আগ্রহী প্রবাসীরা পোস্টাল ভোটিং নিবন্ধনের নিয়মাবলি সম্পর্কে দিকনির্দেশনা পান এবং প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করেন। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে অংশগ্রহণ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মোবাইল কন্স্যুলার সার্ভিস সম্পর্কে প্রবাসীরা জানান, কর্মস্থল ও আবাসস্থলের কাছাকাছি এ ধরনের সেবা কার্যক্রম তাদের সময় ও অর্থ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে দূরবর্তী কুয়ালালামপুরে গিয়ে সেবা নেওয়ার ঝামেলা এড়ানো সম্ভব হওয়ায় তারা হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাসপোর্ট উইংয়ের প্রধান মো. ইয়াছিন কবির জানান, প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই মোবাইল কন্স্যুলার সার্ভিসের মূল উদ্দেশ্য। মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





