তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান হাসপাতাল
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৬, ৯:৫৭:০৪ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। সোমবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম পুনরায় উদ্বোধন করা হয়।
হাসপাতাল পুনরায় চালুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রণজিৎ চন্দ্র শীল। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ডানকান্স গ্রুপ পরিচালিত ৫০ শয্যার এই দাতব্য হাসপাতালটি দীর্ঘদিন ধরে শমশেরনগরসহ আশপাশের চা বাগান এলাকার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল হিসেবে পরিচিত। তবে গত ২৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও চা শ্রমিক পরিবারের সদস্য ঐশী রবিদাস (১৪)-এর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসকরা হাসপাতাল ত্যাগ করলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
দীর্ঘ বন্ধ থাকার ফলে শমশেরনগর, মাধবপুর, মিরতিংগা, দেওরাছড়া, পাত্রখোলা, আলীনগর ও আশপাশের বিভিন্ন চা বাগানের হাজারো শ্রমিক পরিবার প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের শ্রীমঙ্গল, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা মৌলভীবাজার সদর হাসপাতালে যেতে হতো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।




