গণমাধ্যমে অনুসন্ধানী সংবাদের উপস্থিতি বাড়াতে হবে : মুকতাবিস-উন-নূর
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৬, ৯:৪৪:২১ অপরাহ্ন
সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সংগ্রাম বার্তা সম্পাদকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেন, দৈনিক সংগ্রাম একঝাঁক সৎ সাংবাদিক তৈরীতে কাজ করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগ্রাম সৎ ও আদর্শিক সাংবাদিকতার কল্যাণে কাজ করছে। সময়ের সাথে পাল্লা দিতে সংগ্রামকে দলীয় গন্ডির ভেতর থেকে আরেকটু বেরিয়ে আসতে হবে। সংগ্রামে অনুসন্ধানী সংবাদের উপস্থিতি বাড়াতে হবে। পাঠকের চাহিদার বিষয়টি মাথায় রেখে বিশেষ রিপোর্টের দিকে আরেকটু গুরুত্ব দিতে হবে। এব্যাপারে দৈনিক সংগ্রামের জাতীয় ও স্থানীয় সংবাদকর্মীদের সাথে সমন্বয় করতে হবে।
তিনি সোমবার (১৫ জুন) বিকেলে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক সামছুল আরেফিনের মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রেসক্লাবের আমিনুর রশীদ মিলনায়তনে অনুষ্ঠিত মতিবিনময় সভায় প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ অংশ নেন।
দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক সামছুল আরেফিন ও বাংলাদেশ মিডিয়া পাবলিকেশন্স লিমিটেডের জিএম আবুল হাসান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য আমজাদ হোসাইন, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান, ডেইলী স্টার সিলেট ব্যুরো অফিসের স্টাফ ফটোগ্রাফার এবং সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, ইংরেজী ডেইলী নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন ও সিলেট প্রেসক্লাবের সহকারী সাধারণ সম্পাদক ও দেশ টিভির সিলেট ব্যুরো প্রধান খালেদ মেহেদী।
দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ও দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার এমজেএইচ জামিলের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মারুফ হাসান, বাংলাদেশ বেতার সিলেটের প্রতিনিধি এম. রহমান ফারুক, দৈনিক ইনকিলাবের সিলেট প্রতিনিধি শেখ আব্দুল মজিদ, দৈনিক জালালাবাদ ও দৈনিক নয়া দিগন্তের ফটো সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরোর ফটো সাংবাদিক ফয়সল আহমদ প্রমূখ।
মতবিনিময় সভায় দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক সামছুল আরেফিন বলেন, দৈনিক সংগ্রাম সুচনালগ্ন থেকে সৎ ও আদর্শিক সাংবাদিকতা করে যাচ্ছে। আজকে সিলেটের মতবিনিময় সভায় সাংবাদিক ভাইদের কাছ থেকে যে পরামর্শগুলো এসেছে। আমরা সেগুলো নিয়ে পর্যালোচনা করে দৈনিক সংগ্রামকে এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বাংলাদেশ মিডিয়া পাবলিকেশন্সের জিএম আবুল হাসান চৌধুরী বলেন, দৈনিক সংগ্রামের প্রতি সিলেটের মানুষের ভালোবাসায় আমরা অভিভুত। সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে সংগ্রাম সবসময় কাজ করে যাবে।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শাসনামলে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয়। দৈনিক আমার দেশ, নয়া দিগন্ত ও সংগ্রাম পত্রিকার সম্পাদকের উপর ও অফিসে হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। গণমাধ্যমকে বন্ধ করা হয়েছে। তখন চাইলেও আমরা কার্যকর প্রতিবাদ করতে পারিনি। প্রতিকুল পরিস্থিতি মাড়িয়ে সংগ্রাম আজ স্বমহিমায় টিকে রয়েছে। সংগ্রামের এই পথচলা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।
সভায় বক্তাগণ বলেন, দৈনিক সংগ্রামের দীর্ঘ পথচলার ইতিহাস পর্যালোচনার দাবী রাখে। সংগ্রাম শুধু নিছক একটি পত্রিকা নয়, একটি আদর্শিক মিশনের নাম। এর ধারা অব্যাহত রাখতে হবে। সময়ের সাথে পাল্লা দিয়ে সংগ্রামকে এগিয়ে নিতে হবে।





