তামিল অনুবাদসহ ২০ হাজার কোরআন মুদ্রণ করছে মালয়েশিয়ার নাসিরুল কোরআন
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৭:৩৩:৫৯ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: বিশ্বব্যাপী ওয়াকফ কার্যক্রমে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরআন মুদ্রণ কেন্দ্র মালয়েশিয়ার নাসিরুল কোরআন ‘সলিডারিটি ওয়াকফ সেজুতা আল-কোরআন’ প্রকল্পের আওতায় তামিল ভাষায় অনূদিত ২০ হাজার কপি পবিত্র কোরআন মুদ্রণের কাজ শুরু করেছে।
এই উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার মালয়েশিয়ার পিংসিটি পুত্রযায়ায়, প্রতীকী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার উপ-কার্য মন্ত্রী সেরি ড. আহমদ মাসলান। অনুষ্ঠানে ইয়ায়াসান রেসতু এবং মালয়েশিয়ান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ (মাহার)-এর শীর্ষ নেতৃবৃন্দও অংশ নেন।
নাসিরুল কোরআনের এক বিবৃতিতে জানানো হয়, ওয়াকফকৃত এই ২০ হাজার কপি তামিল অনুবাদসহ কোরআন তানজানিয়ার জানজিবারে পাঠানো হবে। এর মাধ্যমে ওই অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের ইসলামী শিক্ষা জোরদার এবং ধর্মীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোরআনের কপি প্রতিস্থাপনের জন্য আরও ১০ হাজার ওয়াকফ কোরআন বরাদ্দ করা হয়েছে। এসব কপি মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার আচেহ এবং দক্ষিণ থাইল্যান্ডের বন্যাকবলিত ও দুর্যোগপ্রবণ এলাকায় বিতরণ করা হবে।
অনুষ্ঠানে ড. আহমদ মাসলান বলেন, এই উদ্যোগ শুধু একটি মুদ্রণ কার্যক্রম নয়; এটি সীমান্ত অতিক্রম করা একটি দাওয়াহমূলক দায়িত্ব। তিনি বলেন, সেজুতা আল-কোরআন প্রকল্পের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, যেন কোনো মুসলমান পবিত্র কোরআন থেকে বঞ্চিত না হন এবং তারা নিজেদের বোঝার ভাষায় কোরআন পড়তে পারেন।
তিনি আরও জানান, তামিল ভাষায় অনূদিত ২০ হাজার কোরআন মুদ্রণ লাখো তামিলভাষী মুসলমানের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার একটি কৌশলগত পদক্ষেপ। জানজিবার ও বন্যাকবলিত এলাকায় ওয়াকফ বিতরণ মুসলিম উম্মাহর প্রতি মালয়েশিয়ার সংহতির বাস্তব উদাহরণ।




