মসজিদে নববীর ৫০ বছরের কুরআন শিক্ষকের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৯:০০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: মদিনার পবিত্র মসজিদে নববীতে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে কুরআন ও দশ কিরাআত শিক্ষা দেওয়া প্রখ্যাত শিক্ষক শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি ইন্তেকাল করেছেন। ইসলামী জ্ঞানচর্চায় নিবেদিত এই শিক্ষক এমন এক সময়ে মসজিদে নববীতে পাঠদান শুরু করেছিলেন, যখন মসজিদের মেঝেতে কার্পেট ছিল না; কাঁকর বিছানো প্রাঙ্গণেই তিনি ছাত্রদের কুরআন শিক্ষা দিতেন। আধুনিক সম্প্রসারণ ও উন্নত সুযোগ-সুবিধা চালুর বহু আগ থেকেই সেখানে তার নিয়মিত দারস চলত।
শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজির কাছে শিক্ষা গ্রহণ করেছেন অসংখ্য শিক্ষার্থী। তাদের অনেকেই পরবর্তীকালে কুরআনের শিক্ষক, ক্বারি ও দ্বীনি দাওয়াতের কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ফলে তার শিক্ষা শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি; বরং কয়েক প্রজন্ম ধরে তা বিস্তৃত হয়েছে। তার নামাজে জানাজা শেষে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাত আল-বাকি কবরস্থানে দাফন করা হয়েছে, যেখানে অসংখ্য সাহাবি ও আলেমের কবর রয়েছে।





