সিকৃবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬, ৭:৩৫:৩৯ অপরাহ্ন

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সিকৃবি লেকপাড়ে গিয়ে শেষ হয়।
জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত র্যালিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিভিন্ন অনুষদীয় ডিন, প্রভোস্ট, দপ্তর প্রধান, ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, নারী ছাড়া পুরুষ কখনও পরিপূর্ণ নয়। নারীরা সম্মান, মর্যাদা, অধিকার, আর্থিক সমতা সবকিছু নিয়েই যুগে যুগে বৈষম্যের শিকার হচ্ছে, আমাদেরকে এরূপ মনমানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। মানবসভ্যতা ও সৃষ্টির বিকাশে নারী ও পুরুষের সমান অবদান ও মর্যাদা অপরিহার্য। নারী-পুরুষ একে অপরের পরিপূরক, কেউ কারো চেয়ে কম নয়। তিনি বলেন, বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। নারীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। বিজ্ঞপ্তি





